, , ।
রবিউল ইসলাম, দুর্গাপুর: আর্থিক সংকট, দাম্পত্য কলহসহ পারিবারিক নানা জটিলতায় বাড়ছে আত্মহত্যার ঘটনা। যার বলি হচ্ছে নিষ্পাপ শিশুরাও। সম্প্রতি কিছু ঘটনায় বাড়ছে উদ্বেগ। রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে ২৪ ঘণ্টায় নারী ও শিশু সহ ৮ জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এদের মধ্যে ২ নারীর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ওই দুই নারী হলেন, উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।
কীটনাশক পান করা অন্যান্যরা হলো, উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আব্দুস সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ) উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কীটনাশক পান করা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কয়েকজন রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১ মার্চ শনিবার দুই নারীর রামেক হাসপাতালে মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মেহেদী হাসান জানান, কীটনাশক পান করে ২৪ ঘণ্টায় ৮ জন রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা ও মৃত্যুর ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সচেতন নাগরিকরা বলছেন, পাররিবারিক শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবের কারণে এমনটি হচ্ছে। প্রত্যেক পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার বন্ধেরও পরামর্শ দিচ্ছেন তারা।
তবে পুলিশ বলছে, এসব ঘটনার নেপথ্যে রয়েছে দাম্পত্য কলহ। এর সাথে আর্থিক সংকট, পারিবারিক নানা জটিলতাও দায়ি। যার বলি হচ্ছে নিষ্পাপ শিশুও। অনেক সময় দেখা যায়, স্বামী বাইরে কাজে থাকে আর নারীরা সন্তান নিয়ে বাসায় থাকেন। যেসব নারী কর্মজীবী না তারা বাড়ি থেকে খুবই কম বের হন। এ কারণে তারা অনেক সময় একাকিত্ব ও বিষন্নতায় ভোগেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, সামাজিক বিচ্ছিন্নতা কাটাতে হবে। মানুষের মধ্যে বিষন্নতা বাড়ছে। একাকিত্ব ও বিষন্নতা কাটাতে সুস্থ বিনোদনে সময় দিতে হবে বলেও মত দেন তিনি।