সর্বশেষ সংবাদ :

ট্রাইব্যুনালে পরোয়ানার আসামি গ্রেপ্তার না করার অভিযোগ

সানশাইন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইমাম হাসান তায়িম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন করেছেন তার ভাই। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন, তায়িমের বড় ভাই রবিউল আউয়াল ভূঁইয়া গত ৩০ জানুয়ারি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরারবর এ আবেদন করেছেন।
আবেদনে পরোয়ানাভুক্ত আসামিদের পুলিশ ‘গ্রেপ্তার করছে না’ বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ২০ জুলাই তায়িমকে একদল পুলিশ গুলিতে হত্যা করে; যা পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আসে। হত্যার ন্যায্য বিচারের জন্য গত ২০ অগাস্ট রবিউল ঢাকার সি এম এম আদালতে মামলা করেন।“
আরও বলা হয়েছে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে রবিউল আসামিদের সন্ধান দিয়ে পুলিশের আইজিপির কাছে যান; এরপর ৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার ও ৮ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের প্রধানের কাছে যান এবং লিখিত দিয়ে আসেন; কিন্তু তারা আসমিদের গ্রেপ্তার না করে ‘স্বজনপ্রীতি’ করেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, পরবর্তীতে নিহতের পরিবার ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এর পর আদালত গত ১২ নভেম্বর ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তারা হলেন-এরা হলেন ওসি (তদন্ত) জাকির হোসাইন, সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস, সহকারী উপকমিশনার (এডিসি) এস এম শামীম এবং মাসুদুর রহমান মনির। আবেদনে বলা হয়েছে, রবিউল ১২ নভেম্বর ডিআইজি অপারেশন মো. রেজাকে আসামিদের সন্ধান দিয়ে তথ্য জানিয়ে গ্রেপ্তারের অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তারপর ১৪ নভেম্বর তিনি আসামিদের মোবাইলে ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সঙ্গে সঙ্গে ডিআইজি অপারেশনকে জানিয়েছেন বলেও আবেদনে বলা হয়েছে। এখন আসামিদের গ্রেপ্তার না করে ‘স্বজনপ্রীতি’ দেখানোর অভিযোগ তুলে আবেদনকারী প্রসিকিউশনের কাছে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রবিউল।


প্রকাশিত: February 26, 2025 | সময়: 7:14 am | সুমন শেখ

আরও খবর