সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা-প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন’ শীর্ষক সংবাদে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

আমি মোঃ নুরুজ্জামান, পিতা মৃত আসেম উদ্দিন, সাং-পশুপতিপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সানশাইন’, ‘গোদাগাড়ী নিউজ24’ , ‘দৈনিক গণমুক্তি’, ‘আলো নিউজ’, ‘Bangla fm’ এবং ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে প্রকাশিত ‘সাগরদাঁড়ী নিউজ 24’, ‘আলোকিত সকাল’, ‘দেশ বর্তমান’, ‘দৈনিক শীর্ষ অপরাধ’, ‘মুক্ত খবর’, ‘দৈনিক ঘোষণা, ‘মফস্বলের খবর’, ‘গ্রাম-বাংলা’, ‘দৈনিক নয়াকন্ঠ’ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত -‘গোদাগাড়ীতে এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা-প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারসহ প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আমার ছেলে মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে মোঃ আশিকুল ইসলাম (২৮), পিতাঃ মোঃ নাজমুল হোদা, সাং-পশুপতিপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী যে লিখিত বক্তব্য প্রদান করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

 

আমি একজন সাধারণ কৃষক। আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। মোঃ আশিকুল ইসলাম বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নানান অপরাধ ও অপকর্ম করেছে। আমার পরিবার তার অপকর্মের শিকার হয়ে ন্যায় বিচার প্রার্থনা করে আইনের আশ্রয় গ্রহণ করায় রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সে দল পরিবর্তন করে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

 

সে দলীয় প্রভাব খাটিয়ে পূর্বে যেমন আমার পরিবারের উপর নির্যাতন করছে, একইভাবে বর্তমানেও করছে। অপরদিকে তার অপকর্ম আড়াল করার অপকৌশল হিসাবে উক্ত সংবাদ সম্মেলন বেছে নিয়েছে যা আমিও আমার পরিবার সম্পূর্ণরুপে প্রত্যাখান করছি।

২০২১ সালে আশিকুল, তার ভাই আব্দুর রহিম এবং বাবা নাজমুল হোদা অন্যান্যদের প্ররোচিত করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন সময় আমাকে এবং আমার ছেলেদেরকে হত্যার হুমকি দেয়। ফলে আমরা জীবনের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে ১০৭ ধারায় মুচলেকাবদ্ধ করার আবেদন করি। তারা বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে আসার পর আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে যার ফলে সি আর ৪৪৯/২১ (গোদাগাড়ী) মামলাটির উদ্ভব হয়। উক্ত মামলায় নাজমুল হোদার ছয় মাসের কারাদণ্ড হয়।

 

সেই ক্ষোভে নাজমুল হোদা, আব্দুর রহিম, আশিকুল এবং রমেশা খাতুনসহ অন্যান্যরা আমার ছেলে মোঃ বদিউজ্জামান এবং মোঃ গোলাম সারওয়ারকে হত্যার চেষ্টা করে। যার ফলে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় জি আর ৫১৬/২২ মামলাটির উদ্ভব হয়। মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত মামলার দায় এড়াতে আশিকুল আমার পরিবারের নারী-পুরুষ সকল সদস্যের বিরুদ্ধে জি আর ৬৯/২২(গোদাগাড়ী) মামলাটি দায়ের করে।

 

উক্ত মামলায় আমার ছেলে মোঃ মনিরুজ্জামান এবং মোঃ গোলাম সারওয়ারসহ অন্যান্যরা জামিন নিতে রাজশাহীর বিজ্ঞ আদালতে গেলে আশিকুলসহ অন্যান্যরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাদেরকে হত্যার চেষ্টা করে। এর ফলে রাজপাড়া থানায় জি আর ৪৫৮/২২ মামলাটির উদ্ভব হয়। উক্ত মামলায় র‍্যাব এবং পুলিশ কর্তৃক আশিকুল গ্রেফতার হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই মামলায় আশিকুলসহ সাতজনের নামে চার্জশিট হয় যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আমাদের বিরুদ্ধে আশিকুলের দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালতে নিষ্পত্তি হয়।

২০২৪ সালের অক্টোবরে আব্দুর রহিম আমার নাতনির শ্লীলতাহানি করলে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় জি আর ৫৩৪/২৪ মামলাটির উদ্ভব হয় এবং সে দীর্ঘদিন জেলহাজতে বন্দী থাকে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আব্দুর রহিম এবং আশিকুল পুনরায় আমার নাতনির শ্লীলতাহানি ঘটিয়েছে এবং হত্যার চেষ্টা করেছে। সেই ঘটনার পর দলীয় প্রভাবের কারণে তাদের বিরুদ্ধে থানায় মামলা করতে ব্যর্থ হয়ে ভিকটিমের পরিবারকে বিজ্ঞ আদালতে যেতে হয়েছে এবং জি আর ৭১/২৫ (গোদাগাড়ী) মামলাটির উদ্ভব হয়েছে। ইতোমধ্যে তারা মামলার সাক্ষীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন শুরু করেছে। এই মামলাটিতে গ্রেফতার এড়াতে এবং আমার ছেলে মোঃ মনিরুজ্জামানকে হয়রানি করার হীন উদ্দেশ্যে আশিকুল মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।

 

আমি ও আমার পরিবার আশিকুল ও তার পরিবারের দ্বারা নানাভাবে অন্যায় অত্যাচারের শিকার হয়ে স্থানীয়ভাবে বিচার না পাওয়ায় ন্যায় বিচারের প্রার্থনায় আইনের আশ্রয় গ্রহণ করি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি ফৌজদারি মামলায় পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার অন্যায় অত্যাচার মাথা নত করে সহ্য না করে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করায় সে আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক সংবাদ সম্মেলনের ঘটনা ঘটিয়েছে। আমি তার সকল অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও আমি সংবাদ সম্মেলন সম্পূর্ণরুপে প্রত্যাখান করে উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি।

মো:নুরুজ্জামান

প্রতিবাদকারী


প্রকাশিত: February 24, 2025 | সময়: 10:27 pm | Daily Sunshine