সর্বশেষ সংবাদ :

আত্মরক্ষার কৌশল শিখছেন রাজশাহী কলেজের ছাত্রীরা

স্টাফ রিপোর্টার: “আত্মবিশ্বাসে আত্মরক্ষা” এই অঙ্গীকারকে ধারণ করে রাজশাহী কলেজের নারী শিক্ষার্থীদের ইভটিজিং, যৌন হয়রানি, ছিনতাই ও নির্যাতন মোকাবিলায় বিশেষ আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে অংশ নিয়েছেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্রী।
গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকারবিষয়ক শাখা বহ্নিশিখা-এর কার্যক্রমের আওতায়, বলিয়ান নারী গঠনের লক্ষ্যে সাত দিনব্যাপী এই ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করেছে রাজশাহী কলেজ গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সামনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে, যা আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হবে। এছাড়াও, সংগঠনটি সারা বছর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রশিক্ষণে অংশ নেওয়া বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিদা হাসান বলেন, “এই প্রশিক্ষণ আমাদের দৈনন্দিন চলার পথে ইভটিজিং, ছিনতাই ও নির্যাতনের মতো অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সাহায্য করবে। এর মাধ্যমে আমরা আত্মরক্ষার কৌশল ও নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পারছি।”
মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিনতে সরকার বলেন, “এ ধরনের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিতে পারবো।”
প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষক মরিয়ম বেগম বলেন, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে, যা ভবিষ্যতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তাদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করবে। এছাড়াও, এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সুস্বাস্থ্য ও সুঠাম দেহ ধরে রাখতে ব্যায়ামের বিভিন্ন কলাকৌশল শিখতে পারবে।”
গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি ও বহ্নিশিখার আহ্বায়ক রাবেয়া খাতুন বলেন, “আমাদের লক্ষ্য মেয়েদের আত্মশক্তিতে বলিয়ান করে তোলা। মেয়েরা যদি আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে পারে, তাহলে প্রতিকূল মুহূর্তে তাদের মনোবল অনেকগুণ বেড়ে যাবে। এছাড়াও, এ ধরনের প্রশিক্ষণ ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ | সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ