, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের উপর অতর্কিত হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম রেলের অবসরপ্রাপ্ত এক কর্মচারীসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন এসে তার ওপর হামলা করে।
কালাম বলেন, ‘এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সম্রাট ও বিপুল নামের দুজন আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলেও তাদের মারমুখী আচরণ থেকে আমি রক্ষা পাইনি। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।’
চিকিৎসা শেষে মামলা করা হবে বলেও জানান সাংবাদিক আবুল কালাম আজাদ।
রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি দুঃখজনক। সাংবাদিক কালাম আমরা ছোটভাইয়ের মত। তাকে আমি ৩০ বছর থেকে চিনি, তাকে স্নেহ করি।’ এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ঢাকায় আছি। আমার উপর আস্থা রাখেন। রাজশাহী এসে সুষ্ঠ বিচার করব।’
হামলার ঘটনা নিয়ে জিআরপি থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। আহত সাংবাদিক অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।