সর্বশেষ সংবাদ :

রাবি উপাচার্য ও রামেবি কর্তৃপক্ষের সাথে পাকিস্তান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কর্তৃপক্ষের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার পৃথকভাবে পাকিস্তানের হাই কমিশনার সাইয়েদ আহমেদ মারুফ তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
ঢাকাস্থ পাকিস্তানী হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তারা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এসময় হাইকমিশনার জানান যে, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় তিনশত বৃত্তির ব্যবস্থা আছে। রাবিও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। তিনি আরো জানান যে, রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে। উপাচার্য পাকিস্তানের সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন। হাইকমিশনার রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানী ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহের বিষয়েও অবহিত করেন।
উপাচার্য রাবির পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করেন। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন।
মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিভাগের শিক্ষক প্রফেসর নাসির উদ্দিন ও প্রফেসর শামিউল ইসলাম, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সাইয়েদ আহমেদ মারুফ। রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এর পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ডা. আব্দুস সালাম পাকিস্তানের হাইকমিশনার কে শুভেচ্ছা জানান।
এসময় রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, রামেকের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ আজিজুল হক, পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. কামরান ধাঙ্গাল, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অ্যাটাসে জেইন আজিজ, সোস্যাল সেক্রেটারি মি. সালাহউদ্দিন ও রামেকে অধ্যায়নরত বিভিন্ন বর্ষের পাকিস্তানী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বুধবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাকিস্তানের হাই কমিশনারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রামেকে অধ্যায়নরত পাকিস্তানী শিক্ষার্থীদের নিয়ে পাকিস্তান সরকার খুবই উদ্বিগ্ন ছিল। ওই সময় রামেবি ও রামেক কর্তৃপক্ষ পাকিস্তানী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ মানসিক সাহস যোগানোর জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাকিস্তানের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের আদান প্রদানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে উভয় দেশের মেডিকেল শিক্ষা ও সেবার মান উন্নয়ন করা সম্ভব। পরবর্তীতে এসব বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, রামেবি’র অধীনে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত পাকিস্তানী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রামেবি কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহনের জন্য পাকিস্তানের হাইকমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:24 am | সুমন শেখ