সর্বশেষ সংবাদ :

মান্দায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। মনসুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় মঙ্গলবার নওগাঁ আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভূক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযুক্ত বিজিবি সদস্যের নাম জালাল উদ্দিন (৩৬)। তিনি মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হবির উদ্দিনের ছেলে। ছুটিতে বাড়ি এসে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা মনসুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। ভিকটিম মনসুর রহমান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভিকটিমের ভাই মামলার বাদি কায়েম উদ্দিন মণ্ডল বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে বিজিবির সদস্য জালাল উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। জের ধরে গত শনিবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে ভাই মনসুর রহমানকে একা পেয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত মনসুর রহমানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মামলার বাদি অভিযোগ করে বলেন, এ ঘটনায় বিজিবির সদস্য জালালের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে মঙ্গলবার নওগাঁ আদালতে মামলা দায়ের করা হয়।
বাদির আইনজীবী শওকত ইলিয়াস কবির বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ডভূক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য জালাল উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:17 am | সুমন শেখ

আরও খবর