, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় স্কুল পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জের ধরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একপক্ষ প্রধান শিক্ষক আনিসুর রহমানকে পদত্যাগের দাবি জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিক্ষোভ মিছিল করেছে। এর কিছুক্ষণ পর অপর পক্ষ এসে শিক্ষার্থীদের মাধ্যমে পাল্টা প্রতিবাদ মিছিল করিয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শীত কালীন বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
স্থানীয় লোকজন জানান, বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা (খেলাধুলা) চলছিল। এ সময় স্কুল কমিটি গঠনের জের ধরে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে প্রথমে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন। এরপর তারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় লোকজন সহ সুশীল সমাজের নেতৃবন্দ।
এ বিষয়ে একটি রাজনৈতিক দলের বাউসা ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রধান শিক্ষক আনিসুর রহমান অনেক দিন থেকে বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য-সহ নানা অনিয়ম, দুর্নীতি করে আসছেন। তিনি গত সরকার আমলে টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ দেন। যার হিসেব তিনি এবং আগের কমিটির সভাপতি ছাড়া আর কেউ রাখেন না। আমরা এই টাকা দিয়ে প্রথমে বিদ্যালয়ের উন্নয়ন দাবি করি। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
প্রক্ষান্তরে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের তিনজন এবং অপর একটি দল সমর্থিত একজন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে প্রভাবশালী নেতা-কর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।
অপর দিকে আরেক দলের আবেদনকারীর দাবি আবেদন শিক্ষা বোর্ডে পাঠানোর যুক্তি সঠিক হলে তার নামও পাঠাতে হবে। এ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছিল বলেও উল্লেখ করেন প্রধান শিক্ষক।
সার্বিক বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ঘটনা অবগত করার পর আমি সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করেছি। পুলিশ অফিস কক্ষের তালা খুলে দিয়েছে। তবে খেলাধুলা অব্যাহত রাখার জন্য বলে ছিলাম। কিন্তু পরিস্থিতি পুরো সভাবিক না হওয়ায় ফের মঙ্গলবার থেকে শুরু হবে।