রানা হামিদ,বদলগাছী:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত তারুণ্যের উৎসবে নওগাঁ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বদলগাছীর বালিকা ফুটবল দল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর দুইটায় নওগাঁ জেলা স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ধামুইরহাট উপজেলা বালিকা ফুটবল দলকে দুই গোলে পরাজিত করেছে বদলগাছী উপজেলা বালিকা ফুটবল দল। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের আয়োজন করে।
এই তারুণ্যের উৎসবে এর আগে বদলগাছী উপজেলা বালকদের কাবাডি দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বালিকাদের ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে বদলগাছীর বালিকা কুসুম দুটিতেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সকল পর্যায়ের বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
সানশাইন/শামি