, , ।
ইমাম হোসেন, ডিজিটাল:
রাজশাহীর পুঠিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে পুঠিয়া উপজেলা চত্বরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
রবিবার ও সোমবার (১২ ও ১৩ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে স্টল তৈরি করে।
মেলার স্টলগুলো হলো: বানেশ্বর সরকারি কলেজ, বিড়ালদহ কলেজ, লস্করপুর ডিগ্রি কলেজ, পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ সৈয়দ করম আলী দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসা, পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
এসব স্টল পরিদর্শন করেন অতিথিরা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর এবং পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্টল পরিদর্শন করেন। পরে দুপুরে পুঠিয়া-দুর্গাপুর আসনে দুইবার ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা মেলার স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শনের সময় অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, “বর্তমান বিজ্ঞান ও ডিজিটাল যুগ। তাই পড়াশোনার পাশাপাশি সবাইকে অনেক বেশি বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমাদের সমাজে নতুন নতুন জিনিস উদ্ভাবন করা সম্ভব হবে।” একই সঙ্গে তিনি বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান (রিকো), শাফিন আহমেদ, মো. তানভীর আহমেদ (আবির), ইয়াসির আরাফাত প্রিন্স, মেহেদী হাসান বাবুসহ আরও অনেকে।
সানশাইন/রাজন