, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে সাপের দংশনে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াসিন আলী জানান, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন।
এসময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা।
পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে রাত ৮টার দিকে মারা যায় শিকদার হোসেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাটার পর্যাপ্ত ভ্যাকসিন (অ্যান্টিভেনম ইনজেকশন) রয়েছে। সচেতনতার অভাবে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেল শিশুটির। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।