সর্বশেষ সংবাদ :

নওগাঁয় বিজিবির বাধা : শিবগঞ্জে কাঁটা তারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে উত্তেজনা, সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা চলছে। এরইমধ্যে ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকেলে দুইদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে।
জানাগেছে, আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ-ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে) ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়।
এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডারসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর ও অবস্থান করছেন।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান গত ৬ জানুয়ারি সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেষে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি।
মঙ্গলবার আবারো বিএসএফের পক্ষ থেকে ৬ মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। তিনি আরো জানান পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে।
অন্যদিকে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে। বুধবার বিকেলে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬’শ গজের মধ্যে দুই দেশের কোন বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না।
এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।
তিনি আরও জানান, এবিষয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।


প্রকাশিত: January 9, 2025 | সময়: 7:48 am | সুমন শেখ

আরও খবর