নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন।
গুরুতর আহত ব্যক্তির নাম আরিফুল হক। তিনি মহিনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আহত আরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার হাত-পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নজিপুর থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি মাইক্রোবাস ক্রসিং করার পূর্ব মুহূর্তে হঠাৎ ডানদিকে মোড় নেয়। এ সময় বাসের চালক মাইক্রোবাসটিকে রক্ষা করার জন্য সজোরে ব্রেক করে ডানে মোড় নিতে চাইলে আঞ্চলিক মহাসড়কের ওপরই বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মোশারফ মারা যান। নিহত মোশারফ পেশায় বাসের সুপারভাইজার।
এ সময় বাসটি মোটরসাইকেল আরোহী আরিফুল ও আফতাবকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আফতাবের মৃত্যু হয়। বাসের ৬-৭ যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর