, , ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের পর এবার জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারলো পাকিস্তান।গতকাল (রবিবার) বুলাওয়াতে সিরিজের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি ৮০ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ আর এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।
পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সায়েম আইয়ুব (১৭ বলে ১১), আবদুল্লাহ শফিক (৫ বলে ১), কামরান গুলাম (২৮ বলে ১৭), সালমান আগা (১১ বলে ৪), হাসিবুল্লাহ খান (০) ব্যর্থতার পরিচয় দেন। রিজওয়ান ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস আর সিকান্দার রাজা।
২১ ওভার খেলে পাকিস্তান বোর্ডে মাত্র ৬০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হয় জিম্বাবুয়েকে।
২ উইকেট আর ৩৯ রান নিয়ে ম্যান অব ম্যাচ হন সিকান্দার রাজা।তিন ম্যাচ সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল মঙ্গলবার।