, , ।
রাবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৌ শাখার ক্যাডেট মো. রায়হান উদ্দিন। গত সোমবার (১৮ নভেম্বর) সিইউও পদের জন্য বিএনসিসি খুলনা ফ্লোটিলা সদর দপ্তরে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তিনি। বুধবার (২০ নভেম্বর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রায়হানকে সিইউও’র ব্যাজ পরিয়ে দেন খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট রুম্মান বিন ইসলাম (এক্স) বিএন এবং খুলনা ফ্লোটিলার ট্রেনিং চিফ ও চিফ পেটি অফিসার মাসুদুল হাসান। মো. রায়হান উদ্দিন রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশেষ এই অর্জনের বিষয়ে মো. রায়হান উদ্দিন বলেন, সিইউও হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে দায়িত্বও বেড়ে গেলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি-কে আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের দ্বারা সকল শাখার ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব। এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগীতা আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করবো, যেন তারা বিভিন্ন ক্যাম্পিং-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনতে সক্ষম হয়।
উল্লেখ্য, মো. রায়হান উদ্দিন ২টি ফ্লোটিলা ক্যাম্প, ১ টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, রাবিতে ২০২২ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস প্যারেড, ২০২৩ সালের ২৬ মার্চের স্বাধীনতা দিবস প্যারেড ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ভর্তি পরীক্ষার ডিউটি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
সানশাইন / শামি