বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহুর্তেই জাতির কান্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল।
তবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সর্তক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি রোববার বিকালে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি ইসাহাক আলী ও বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা আইনজীবি সমিতির সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলী আকবর, যুগ্ম-আহ্বায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি তার মৃত্যু নিশ্চিত করার জন্য এখানে আওয়ামী লীগের বিনাভোটের একজন এমপির হাসপাতালে তার রগ কাটা হয়েছে। আগামীতে এই মাটিতেই বাবুর খুনী সহ স্বেচ্ছাসেবক দল নেতা আলম ও যুবদল নেতা আবুল বাশারের খুনীদের বিচার করা হবে।
বিগত দিনে যারা বিএনপির উপর অত্যাচার করেছে, তাদেরকে কোন বিএনপি নেতা যদি দলে জায়গা দেয়ার চেষ্টা করে, তাহলে তার বিচার আগে করা হবে জানিয়ে তিনি আরো বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তানের জায়গা হবে না।
রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপন না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা।