সর্বশেষ সংবাদ :

রাবিতে পোষ্য কোটা,মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিল, মুক্তিযোদ্ধা কোটা সংস্কার ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।এসময় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করে সন্তানদের জন্য কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করার দাবি জানান তারা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে স্মারকলিপিটি উপাচার্যের নিকট হস্তান্তর করে শিক্ষার্থীরা। শিক্ষারর্থীরা স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চায়না বলে উল্লেখ করে স্মারক লিপিতে তাঁরা বলেন, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, যার একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা। আমরা এই দুইটি সম্পূর্ণ অযৌক্তিক কোটা অবিলম্বে বাতিলের দাবি জানাই। পাশাপাশি, গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফি কমানোও সময়ের দাবি।

 

তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নিম্নোক্ত ৩টি দাবি উপস্থাপন করছি:

১. অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।

২. মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; সন্তান কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করতে হবে।

৩. ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।

উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ৪% এবং মুক্তিযোদ্ধাদের সন্তান,নাতি-নাতনীদের জন্য ৫% কোটা রয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: October 31, 2024 | সময়: 5:31 pm | Daily Sunshine

আরও খবর