সর্বশেষ সংবাদ :

র‌্যাব হেফাজতে মৃত্যু : বেনজিরসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

সানশাইন ডেস্ক: জয়পুরহাটে র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় সংস্থাটির সাবেক মহাপরিচালকসহ নয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশে দিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান হেলাল বলেন, জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম ছেলেকে র‌্যাবের হেফাজতে হত্যা করা হয়েছে বলে সোমবার আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহম্মেদ ও এসপি মোল্লা নজরুল ইসলামসহ প্রথম নয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যরা হলেন- ওই সময়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।
অভিযোগ থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে জয়পুরহাট র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেপ্তার করেন। একমাস পর ২৫ অক্টোবর রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতাল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আইনজীবী মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের বলেন, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আদালত প্রথম নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অগ্রগতি জানাতে আদেশ দেন।” এসপি আবদুল ওয়াহাব মোবাইল ফোনে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে তাকে আর প্রকাশে দেখা যায়নি। তিনি এরই মধ্যে বিদেশে চলে গেছেন বলে সংবাদমাধ্যমের খবরে এসেছে।


প্রকাশিত: October 30, 2024 | সময়: 5:16 am | সুমন শেখ

আরও খবর