সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকা থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে। মঙ্গলবার জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, সোমবার দিবাগত গভীর রাতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনাকালে কতিপয় দুষ্কৃতিকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
এরপর র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টিস্যু কাপড়ের ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় একটি সাদা রংয়ের সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। যার দৈর্ঘ ৩.৩ ইঞ্চি। উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময়ে দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে।
থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র‌্যাব-৫ সিপিসি-৩ এর অভিযানিক দল রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করেছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র‌্যাব-৫, সিপিসি-৩ এর তৎপরতা অব্যাহত রয়েছে।
এছাড়া জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে এলাকার সর্বস্তরের জনসাধারণকে আইন-শৃঙ্খলা বাহিনী সহ র‌্যাব ক্যাম্প জয়পুরহাটকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে র‌্যাব।


প্রকাশিত: September 17, 2025 | সময়: 6:15 am | সুমন শেখ

আরও খবর