সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নগরীর সীমান্ত অবকাশ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা সংশ্লিস্ট ৫০ জন কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোলডারগন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। এছাড়া এল.জি.ই.ডি ও ডি.পি.এইচ.ই এর তত্বাবধায়ক প্রকৌশলী সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের ড. শারমীন ফেরদৌস চৌধুরী এ কর্মশালায় অংশ নেয়।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন ও বিধি বিধান বিষয়কের উপর বিস্তর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহীনুর শাহীন খান। রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন। তথ্য অধিকার আইন ও বিধি বিধান বিষয়ের উপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকিউরমেন্ট অফিসার কফিল উদ্দিন, অধিদপ্তরের শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী ও গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় তারা রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা থেকে আগত কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তা কর্মচারীদের তথ্য অধিকার আইন ও বিধি বিধান বিষয়কের উপর আলোকপাত করে তার করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ