সর্বশেষ সংবাদ :

রাষ্ট্রপতির থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত; আন্দোলন করার দরকার নেই -নাহিদ ইসলাম

সানশাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেছেন, রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া-পাওয়ার বিষয় বুঝতে পেরেছে সরকার। বঙ্গভবন বা কোথাও আন্দোলন করার দরকার নেই। রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা চলছে, এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্তে আসতে সময় নেয়া হচ্ছে বলেও এরও জানিয়েছেন তিনি।

 

আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ চলাকালে একথা বলেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতিকে নিয়েই সরকার গঠন করা হয়েছিল। যদি মনে হয় এই অবস্থায় সরকারের রাষ্ট্র পরিচালনা ব্যাহত হচ্ছে বা জনগণ এই ব্যবস্থায় অসন্তুষ্ট তখন এই বিষয়টি ভাবা হচ্ছে।”

 

তিনি আরও জানান, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি বাংলাদেশে কোনো আইনি সিদ্ধান্ত নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে এ বিষয়ে বলেও জানান এই উপদেষ্টা।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা  বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষেত্রে রাষ্ট্রের স্থিতিশীলতা নিরাপত্তা এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশি-বিদেশি যেসব চক্রান্ত চলছে তারা যাতে কোনো ভাবে সুবিধা না নিতে পারে। জনগণের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সরকারের সংবেদনশীলতা রয়েছে।

 

এ সময়, পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে জনগণকে সচেতন এবং শান্ত থাকার আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।


প্রকাশিত: October 23, 2024 | সময়: 3:33 pm | Daily Sunshine