সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বিএনপির মিছিল থেকে ইউপি চেয়ারম্যানের দোকান ভাংচুরের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ দুজনের দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জোনাইল ইউনিয়ন বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ছিল। মিছিলটি জোনাইল বাজার ঘুরে পাশের পাগলা বাজারে যায়। এ সময় জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ পাগলা বাজারে তার মুদি দোকান মেসার্স সরকার স্টোরে বসেছিলেন। হঠাৎ করেই মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা ওই দোকানে হামলা ও ভাংচুর করেন।
এ সময় তারা দোকানের যাবতীয় চালের বস্তা, তেলের ড্রামসহ অন্যান্য মালামাল বিনষ্ট করে তছনছ করে দিয়ে চলে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল বিনষ্ট হয়েছে বলে জানা গেছে। পরে তারা জোনাইল বাজারের একাব্বর আলীর একটি কসমেটিক্সের দোকানও ভাংচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাসেল জানান, একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে মিছিল থেকে হামলার অভিযোগ সঠিক নয়। মিছিল শেষ করে আমরা চলে আসার পর কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: October 19, 2024 | সময়: 4:47 am | সুমন শেখ

আরও খবর