, , ।
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পুরাণবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫৫ জনেরও বেশি।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌবাজার এলাকায় কয়েক ঘণ্টা চলে এই সংঘর্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতদের মধ্যে ৩৫ জন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেয়ায় স্থানীয় বিএনপি নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক মানুষ লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান জানান, স্থানীয় রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করে। এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরমধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রব মিজি ও তার সহযোগী বহিরাগতদের সহায়তায় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী, পুরুষ-সহ প্রায় ৫০ জনকে মারধর ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগির হোসেন রনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরাণবাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও আরও জানান তিনি।