বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে নয়ন কুমার (২০) নামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার বাবা ভবেশ চন্দ্র (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নয়ন কুমার উপজেলার খাজুর ইউপির মধুবন গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, এদিন সকালে বাড়ির অদূরে কৃষি জমি থেকে বাবার সাথে লাল শাক তুলতে যায় নয়ন।
এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শাক বাড়িতে রেখে বাবাকে নিতে মাঠে যায়। সে সময় হটাৎ বজ্রপাত ঘটলে জ্ঞান হারিয়ে দুজনেই মাঠের মধ্যে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমারকে মৃত ঘোষণা করেন এবং বাবা ভবেশ চন্দ্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।