সর্বশেষ সংবাদ :

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক অধিনায়ক পাইলট

স্টাফ রিপোর্টার: প্রভাব খাটিয়ে জমি দখল চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে সাবেক ক্রিকেট অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে এই সব অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি গত বছর মে মাসে জমিটি ক্রয় করি এবং আমি নিজ নামে খাজনা প্রদান করে জমিটির দখল ভোগ করি। পরবর্তীতে ওই জমিতে ১০০টি আমের চারা রোপণ করি। কথিত জাহাঙ্গীর আলম ও তার লোকজন আমার উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টায় কয়েকটি সিমেন্ট পিলার ভাঙচুর করলে স্থানীয় লোকজন তা প্রতিহত করে। দখল না পেয়ে জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে।
তিনি আরো জানান, জাহাঙ্গীর আলম উক্ত মামলায় ব্যর্থ হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আমার সামাজিক অবস্থানকে হানি করার জন্য কতিপয় জাল কাগজের আদেশ সৃষ্টি করে উক্ত সংবাদ সম্মেলন প্রচার করেন যা আমাকে সামাজিকভাবে ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
এর আগে একই দিনে দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাহাঙ্গীর আলম। এসময় জমির ক্রেতা নাসরিন সুলতানার ভাই শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, গত বছর ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়নপুর গ্রামের প্রায় ২ বিঘা ধানী জমি বিক্রয় করি। এরপর ক্রেতা নাসরিন সুলতানা জমির দখল নেন। কিছুদিন পর ওই জমি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক ঘিরে রাখে। জমির প্রকৃত মালিক জমিতে গেলে তাদেরকে হুমকি দেয় ও জমির বর্গাচাষীকে মামলা দিয়ে পুলিশ দিয়ে আটক করায়। এ সময় তারা অভিযোগ এনে বলেন, পাইলট তাদের কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে চুপ রাখার চেষ্টা করে। তিনি আরও বলেন, পরে তারা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদ পাইলটকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি।
এরপর খালেদ মাসুদ পাইলট আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, ‘ওই জমি অন্য মানুষের থেকে ক্রয় করেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলবো। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিবো।’ এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে। তাই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।


প্রকাশিত: August 30, 2024 | সময়: 6:36 am | সুমন শেখ