সর্বশেষ সংবাদ :

গভর্নরের সঙ্গে ঢাকা চেম্বারের বৈঠক, সুদহার নিয়ন্ত্রণের দাবি

সানশাইন ডেস্ক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক যে নীতি সুদহার কমিয়েছে তা সীমিত সময়ের জন্য কাজ করবে বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। তিনি বলেছেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর প্রক্রিয়া সীমিত সময়ের জন্য কাজ করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসুক, সেটা আমরাও চাই।
“মূল্যস্ফীতি বেড়ে গেলে ব্যবসায়ীদের খরচও বাড়ে। কারণ তখন আমাদের শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়। মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের সবাইকে কষ্ট করতে হবে।” মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসুক, সেটা আমরাও চাই। সুদহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে গভর্নরের সঙ্গে কথা হয়েছে।”
বিদেশি ঋণ নেওয়ার প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, ব্যাংক ঋণের অন্যান্য ব্যাসেল কীভাবে কমানো যায় সেসব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার আসে। এরপর অর্থনীতিবিদ আহসান এই মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার পর রোববার প্রথমবারের মত নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়।
মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এ সুদহারের কারণে তারল্য সংকটে পড়া কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করছে, তার বিপরীতে আগের চেয়ে বেশি সুদ গুনতে হচ্ছে। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানোর উদ্যোগের কথা আগেই জানিয়েছিলেন গভর্নর।
তার সঙ্গে বৈঠক করার পর ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আশরাফ বলেন, “কুঋণের পরিমাণ কমিয়ে আনতে পারলে ব্যাংক ঋণের সুদহার কমে যাবে। লুটেরাদের ধরতে বাংলাদেশ ব্যাংক যা করছে, তাদের সঙ্গে আমরাও একমত।” ব্যাংক লোপাটের কারণেও সুদহার বেড়েছে। যারা ব্যাংক লোপাট ও অর্থপাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকরা।
জবাবে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, “আমরা সাধারণ ব্যবসায়ীরা কোনো ব্যাংক লোপাট করিনি। কেউ যদি ব্যাংকের টাকা লোপাট করে, তাহলে আমাদের মতো সাধারণ ঋণগ্রহীতাকেই সেটার খরচ দিতে হয়।” আশরাফ আহমেদ বলেন, “এসএমই খাতে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি স্কিম রয়েছে। এই স্কিমগুলো যদি বেগবান করা যায়, তাহলে এসএমই উদ্যোক্তাদের জন্য জন্য ভালো হবে।”


প্রকাশিত: August 28, 2024 | সময়: 5:23 am | সুমন শেখ