সর্বশেষ সংবাদ :

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন-কারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, ছাত্র হত্যা এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

 

আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ শুরু করেন তারা। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা-সহ সকল পেশার মানুষ অংশ নেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও একাত্মতা পোষণ করে এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

 

এ রসময় ‘এক দুই তিন চার, স্বৈরাচার তুই গদি ছাড়’ ‘শিবির ট্যাগের ছলচাতুরী, বুইজা গেছে জনগণ’ ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’ ‘নয় ছয় বুজিনা, কবে যাবি হাসিনা’ ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’ এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে।

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, ছাত্র জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ছাত্র-জনতার জয় অবশম্ভাবী।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমরা তাদের সাথে যোগ দিয়েছি। আর কত ঘরে বসে আমার ছেলেদের রক্ত দেখবো।

শিক্ষার্থীদের গায়ে গুলি করতে স্বৈরাচার সরকারের কি একটুও বুক কাঁপেনি? আজ থেকে এ আন্দোলনে গুলি চালালে সেই গুলি আগে আমাদের শিক্ষকদের গায়ে লাগবে, তারপর আমাদের ছাত্রদের। ছত্রদের আর কোন ভয় পাবার কারণ নেই তাদের পিতৃতুল্য শিক্ষকরা আজ থেকে তাদের সামনে থাকবেন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং তাদেরকে সুরক্ষা দিতে সবসময় তাদের সাথেই আমরা আছি। গণহত্যার দায় স্বীকার করে স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবী করেন এ অধ্যাপক।

 

এ সময় প্রায় তিন হাজার শিক্ষার্থী এবং প্রায় দেড় শতাধিক শিক্ষক এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হোন।


প্রকাশিত: August 3, 2024 | সময়: 12:45 pm | Daily Sunshine

আরও খবর