, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুলাভাইয়ের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে দুলাভাই জাহাঙ্গীর আলম গাজী (২৭) কে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম গাজী জেলার গুরুদাসপুর উপজেলার ঘোড়াগাছা আমবাটি গ্রামের কালাম গাজীর ছেলে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম গাজী বনপাড়া পৌর এলাকায় তার শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াতে আসেন। শুক্রবার বিকালে সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলেন। এ সময় তার চাচা শ্বশুরের মেয়ে ওই স্কুল ছাত্রী একা নিজ বাড়িতে অবস্থান করছিল। বিষয়টি বুঝতে পেরে জাহাঙ্গীর চাচা শ্বশুরের বাড়িতে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।