সর্বশেষ সংবাদ :

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো- ফকরুল ইসলাম

চারঘাট প্রতিনিধি :
চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেছেন, উপজেলা আ’লীগের নেতাকর্মীবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরো শক্তিশালী করবে। রবিবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ আ’লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চারঘাট উপজেলা আ’লীগের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ফকরুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। গত নির্বাচনে আমাকে কূটকৌশল করে পরাজিত করা হয়েছে। নির্বাচনে পরাজিত হলেও আমরা হেরে যাইনি। পরাজয়কে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে। এরপরও কেউ যদি নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায় তাদের সঙ্গে গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষের শক্তি থাকবে না। চারঘাট উপজেলা আ’লীগ রাজনীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ থেকে আমাদের এই শপথ নিতে হবে।

 

চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম দুলাল, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর মেয়র একরামুল হক, পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদক ও আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ৫ জুনের উপজেলা নির্বাচনে ফকরুল জয়লাভ করার পরেও তাকে পরাজিত করা হয়েছে। বাইরে থেকে প্রতিপক্ষ প্রার্থীকে প্রচুর অর্থলগ্নি করা হয়েছে। এসবের পেছনে কে বা কারা ছিল আপনার জানতে চান? অপেক্ষা করেন। উপজেলা আ’লীগ এসবের তদন্ত করে হাটে হাড়ি ভাঙা হবে। মুখোশ উন্মোচন করা হবে।

সানশাইন / শামি


প্রকাশিত: June 23, 2024 | সময়: 11:10 pm | Daily Sunshine

আরও খবর