সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিপিএল, লাগানো হবে নতুন ফ্লাডলাইট

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর খেলা অনুষ্ঠিত হবে। সে জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো হবে। এমন উদ্যোগ ক্রীড়াপ্রেমী রাজশাহীবাসীর জন্য অনেক বড় সুখবর।
বুধবার জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, এমপি’র সাক্ষাত অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন ফ্লাডলাইট স্থাপন ও রাজশাহীতে বিপিএল এর খেলা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, এমপি।
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার মোজ্জাফ্ফর হোসেন বলেন, এটা রাজশাহীবাসীর জন্য সুখবর। বড় ধরনের খেলাগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এটা উপলদ্ধি করতে পেরেছেন। এ উদ্যোগের জন্য তিনি মেয়র লিটনকে ধন্যবাদ জানিয়েছেন।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভো.) বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান চৌধুরী বলেন, ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। দেশের অন্য স্থানে এসব খেলা হয়। কিন্তু রাজশাহীতে খুব একটা আয়োজন হয় না। এমন উদ্যোগ নেয়ার জন্য মননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামানকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামীতে আন্তর্জাতিক খেলাগুলো যেন এখানে আয়োজন সে বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য মেয়র মহাদয়ের প্রতি আহ্বান জানাই।
কয়ের দাঁড়া এলাকার কবির হোসেন নয়ন জানান, আমাদের যুবসমাজ অনেকটাই বিপদগামী। মাদকের ভয়াল থাবা শহর থেকে গ্রামকে গিলে খেতে যাচ্ছে। খেলাধূলাই পারে যুব সমাজকে সঠিক পথে আনতে। তাই বেশি বেশি খেলাধূলার আয়োজন করা উচিত। এতে খেলাধূলার প্রতি যুব সমাজের আগ্রহ আরো বাড়বে।
নগরীর ভদ্রা এলাকার সিজার বলেন, বিপিএল সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারবো তা তো খুশির সংবাদ। রাজশাহীতে শুধু ক্রিকেট নয় অন্য সব খেলার আয়োজনও বেশি বেশি করতে পারলে ভালো হতো।
এ ব্যাপারে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, এমপির সাথে আমার সাক্ষাত হয়। এ সময় তিনি শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএল এর খেলা আয়োজনের কথা জানান। নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর। আমি যুব ও ক্রীড়া মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।


প্রকাশিত: June 14, 2024 | সময়: 5:05 am | সুমন শেখ