সর্বশেষ সংবাদ :

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমল

সানশাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে জুন মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২ টাকা ৫৩ পয়সা করে কমানো হয়েছে। তাতে গৃহস্থালীর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমছে ৩০ টাকা ৩৬ পয়সা।
সোমবার জুন মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে। জুন মাসে প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। মে মাসে এই দর ১১৬ টাকা ৮ পয়সা ছিল।
নতুন দর নির্ধারণের ফলে জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম দাঁড়িয়েছে ১৩৬৩ টাকা। মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩৯৩ টাকা ছিল। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো জুন মাসের জন্য এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের প্রতি টনের গড় মূল্য ঠিক করেছে ৫৭০ দশমিক ২৫ ডলার। আগের মাসে এই দাম ছিল প্রতি টন ৫৮৩ দশমিক ২৫ ডলার।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা। আগের মাসে যা ছিল ৬৩ টাকা ৯২ পয়সা। আর রেটিকুলেটেড পদ্ধতিতে বিপণন হওয়া গ্যাসের দাম হবে তরল অবস্থায় প্রতিকেজি ১০৯ টাকা ৭২ পয়সা। আগের মাসে এটি ১১২ টাকা ২৫ পয়সা ছিল।


প্রকাশিত: June 4, 2024 | সময়: 5:36 am | সুমন শেখ

আরও খবর