, , ।
স্পোর্টস ডেস্ক: শুরুতেই মিলল গোলের দেখা। এরপর খানিকটা বিরতি। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর কেবল গোলের উদযাপনেই ব্যস্ত সময় কাটালো আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তহুরা খাতুন ও সাগরিকারা।
তহুরা করেন সাত গোল আর চারবার জালের দেখা পান সাগরিকা। সুরভি আকন্দ প্রীতি ২টি এবং স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার ও সুরমা জান্নাত একটি করে গোল করেন। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল কোনাকুনি শটে এআরবিকে এগিয়ে নেন স্বপ্না। এরপর ব্যবধান দ্বিগুণের চেষ্টায় অতিরিক্ত তাড়াহুড়ো করে সুযোগ নষ্ট করতে থাকে দলটি।
২৬তম মিনিটে সতীর্থের ক্রসে ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। ৩২ ও ৪৪তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করা এই ফরোয়ার্ড পরে আরও চারবার গোলের আনন্দে মেলেন ডানা। তহুরার প্রথম গোলের পরই জামালপুর কাচারিপাড়া একাদশের গোলমুখের আগল খুলে যায় পুরোপুরি। প্রথমার্ধেই আট গোল হজম করে এলোমেলো হয়ে যায় তারা।
৩৬তম মিনিটে ব্যক্তিগত গোলের খাতা খোলা সাগরিকা ৬৮ ও ৭৮তম মিনিটের লক্ষ্যভেদে পূরণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের ১৭তম গোলটিও করেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে হেরে উইমেন’স লিগ শুরুর পর টানা তিন জয় পেল এআরবি। আগের দুই ম্যাচে তারা জিতেছিল ফরাশগঞ্জ ও ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে।
অন্য ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব। ষষ্ঠ মিনিটে জোছনার গোলে পিছিয়ে পড়ে তারা। ছয় মিনিট পর তাপসী আক্তার সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন মৌসুমী আক্তার।