, , ।
সানশাইন ডেস্ক: জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ কীভাবে নিশ্চিত করেছেন তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানামা গুসমাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
তিমুর সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন মঙ্গলবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিমুরের প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার।’
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন গুসমাও। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তিমুরের মানুষের হৃদয়ে আছে।’ জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক দুর্ঘটনা নয় বরং তার অঙ্গীকারের কারণে এটা সম্ভব হয়েছে।’ রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী তিমুরের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান।