, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশুর বাড়ি একই ইউনিয়নের পাথর পাড়া এলাকায়। নিহতরা হলেন স্থানীয় আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)।
নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও হোসাইন ২য় শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে স্কুল ছুটির পর দুজন স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিলেন। একপর্যায়ে বালুর বড় স্তুপ ধ্বসে তাদের উপর চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে বালুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
জানতে চাইলে বালু ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে তারা বালুর খামালে গিয়ে গর্ত করে বসেছিল। পরে বৃষ্টির পানিতে বালু ধ্বসে তাদের উপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরকার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।