, , ।
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীকে যানজটমুক্ত করতে শিরোইল বাস টার্মিনালটি নওদাপাড়ায় থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। শিরোইল বাস টার্মিনালের পরিবর্তে নওদাপাড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও ঢাকাসহ দূরপাল্লার সব বাস চলাচল করবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ নভেম্বর।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে মেয়র দফতরকক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে এ ব্যাপারে সভা হয়। রাজশাহী জেলা প্রশাসন, আরডিএ, আরএমপি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক সমিতির নেতাদের এ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মহানগরীর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনার ব্যাপারেও আলোচনা হয়।
সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, আরএমপির ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি শাহনেওয়াজ আলী, সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
সানশাইন / শাহ্জাদা মিলন