সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জ সীমান্তে প্রাণ হারালো একজন, দুইজন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: লোভে পড়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে প্রাণ গেল এক যুবকের। এ সময় গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে চিকিৎসাধীন আছে আরও ২ জন। স্থানীয়দের অভিযোগ নিহত ও আহতরা অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।
নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজুরুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ভদু (৩৫)। একই ঘটনায় আহতরা হলেন একই গ্রামের আজিজুল হক কামাতের ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও ইউসুফ আলির ছেলে বাবু (২২)।
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২ নং সীমান্ত পিলারের কাছে ভদুর মৃত্যু হয়। এ সময় তৌহিদুল ও বাবু গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে একটি সুত্র জানায়।
স্থানযিরা আারও জানায় একজোড়া গরু ভারত থেকে বাংলাদেশের সীমান্তে আনতে পারলেই ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ হয়।তাই ভদু রাজমিস্ত্রির কাজ ফেলে গরু আনতে ভারতে যায়।নিহতের বড় ভাই দিনমজুর ও তিনি রাজমিস্ত্রির কাজ করে পুরো পরিবারটি চালিযে নিতেন।
এ ব্যাপারে ভদুর পিতা তাজুরুদ্দিন তার ছেলের মৃত্যুর বিষয়টি প্রথমে স্বীকার না করলেও পরে জানান, তার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে।তার বিশ^াসই হচ্ছেনা যে তার ছেলে ভারতে গরু চোরাচালান করতে গেছে। নিহত ভদুর ৫ ভাইয়ের মধ্যে তিনি ২য় সন্তান ছিলেন। রয়েছে এক স্ত্রী ও ৩ সন্তান।
এক পর্যায়ে ভদুর পিতা কাঁদতে কাঁদতে বলেন যদি আমার ছেলে মারা যায় তবে গরীবের এ সংসার কে দেখবে।কিভাবে চলবে তার পরিবার।
এদিকে মনাকষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম এবং মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহদাৎ হোসেন খুররম ঘটনার সত্যতা স্বীকার করে ২ জন গুলিবিদ্ধ এবং এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান সিংনগর সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে তবে গুলিতে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত নয়। ঘটনাস্থল ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হওয়ায় সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।


প্রকাশিত: September 1, 2022 | সময়: 6:09 am | সুমন শেখ