সর্বশেষ সংবাদ :

বাঘায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহিন হোসেন (23) নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে পৌছালে ঈশর্দী থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একটি মালবাহি ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্র এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রথ্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসা দেখে গেটম্যান লায়েব উদ্দিন রেল লাইনের এক পাশ দক্ষিনে রাখা বাঁশ নামিয়ে দেন। কিন্তু মোটরসাইকেল আরোহী উত্তর পাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চুর্ণবিচুর্ণ হয়ে তিনি সেখানে পড়ে যান।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহি ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেটর বাঁশ নামিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে থাকায় তিনি নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা খান। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।


প্রকাশিত: August 28, 2022 | সময়: 7:33 pm | Daily Sunshine