সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে বেশিদামে সার বিক্রয়ের দায়ে ৫ ব্যবসায়ীর জরিমানা

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধ মজুদ করার দায়ে ৫ সার ব্যবসায়ী পৃথকভাবে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে খুচরা এবং পাইকারি সার ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধভাবে মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পৃথকভাবে ৫ জন সার ব্যবাসায়ীকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে উপজেলার সকল বিসিআইসি, বিএডিসি, খুচরা ও পাইকারি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন।
ওই সভায় সরকারের সার নিয়ে পরিকল্পনা ও নিদের্শনা প্রদান করা হয়। কিন্তু ওই নিদের্শনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৫ জন সার ব্যবাসায়ীকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান। অভিযানটি পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, ‘সরকারি নিদের্শ অমান্য করে সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টায় অবৈধ মজুদ করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকান্ডের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যহত থাকবে’।


প্রকাশিত: August 4, 2022 | সময়: 4:51 am | সুমন শেখ