, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহালানপাড়া গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মাঞ্জহিথান ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ও মানবাধিকারকর্মীরা।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মহালান গ্রামে বিভিন্ন এলাকার সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা উপস্থিত হয়ে ভাঙচুর করা মাঞ্জহিথান পরিদর্শন করেন। পরে গ্রামের প্রায় ৫০ জন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার পারগানা রবীন হেমব্রম, মহালান গ্রামের মাঞ্জহিহাড়াম সুখেন মার্ডী, মহেশ্বর হাঁসদা, মনির মার্ডী, মানবাধিকারকর্মী আরিফ ইথার ও যোশেফ হাঁসদাসহ স্থানীয়রা। অভিযোগপত্র গ্রহণের পর জেলা প্রশাসক বলেন, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে তাঁদের নির্ধারিত জায়গায় পূজা-অর্চনা করার আশ্বাস দেন তিনি। কেউ এতে বাধা সৃষ্টি করলে তাঁকে জানানোর পরামর্শ দেন জেলা প্রশাসক। পাশাপাশি ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখবে বলেও জানান তিনি।