, , ।
আক্কেলপুর প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহে আটকে রেখে মারধরের শিকার হওয়া হায়দার আলী (৫০) নামের এক ব্যক্তি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। শনিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে আক্কেলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বজনদের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ে জড়িত সন্দেহে তাঁকে গণপিটুনি দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে। একসময় ঢাকায় রিকশা চালাতেন তিনি। কয়েক বছর ধরে এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মানসিক সমস্যা ছিল এবং তিনি একাকী জীবন যাপন করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
রোববার বিকেলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের বারান্দায় হায়দার আলীর নিথর দেহ কাপড়ে ঢাকা অবস্থায় দেখা যায়। পাশে পুলিশের দুই সদস্য বসে ছিলেন। এ সময় স্বজনেরা তাঁর লাশের পাশে ছিলেন।
হায়দার আলীর দুলাভাই আব্দুল মজিদ বলেন, কয়েক বছর আগে হায়দার ঢাকায় রিকশা চালানো ছেড়ে বাড়িতে চলে আসেন। বিয়ের পরপরই তাঁর স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যান। এরপর আর বিয়ে করেননি। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ১২টার দিকে ফোন করে তাদের জানানো হয়, তিনি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রোববার সকাল ১১টার দিকে হাসপাতালে এসে তাঁরা তাঁর মৃত্যুর খবর পান।
আব্দুল মজিদের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ তুলে বদলগাছীর পাহাড়পুর এলাকায় হায়দারকে আটকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর দাবি, হায়দার চুরির সঙ্গে জড়িত ছিলেন না।
নিহত হায়দার আলীর ভাতিজা মামুন হোসেন জানান, দুই দিন আগে বদলগাছীতে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে। শনিবার বিকেলে তাঁর চাচা পাহাড়পুর বাজারে গেলে ছিনতাইয়ের অভিযোগ তুলে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। মামুনের দাবি, ভিডিও ফুটেজে থাকা ব্যক্তির সঙ্গে তাঁর চাচার চেহারার কোন মিল নেই। তাঁর চাচা ভবঘুরে হলেও চুরির সঙ্গে জড়িত ছিলেন না।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসক নাজমুল হক বলেন, শনিবার রাত পৌনে ১১টার দিকে হায়দার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, যাত্রী সেজে চালককে অজ্ঞান করে বদলগাছী থেকে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
শনিবার বিকেলে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে বদলগাছীর পাহাড়পুর এলাকায় মারধর করা হয়। পরে তাঁকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আক্কেলপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।