সর্বশেষ সংবাদ :

পুঠিয়া উপজেলায় এইচএসসি-আলিমে ৩ প্রতিষ্ঠান পাস শূন্য, ১৪ জিপিএ-৫

পুঠিয়া প্রতিনিধি: এবারের ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় সামগ্রিক পাসের হার ৩৯ দশমিক ২১ শতাংশ। উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৯৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৪ জন। অন্যদিকে শূন্য পাসের তালিকায় রয়েছে ৩টি প্রতিষ্ঠান।
শনিবার ৩১ অক্টোবর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেনারেল বোর্ডের অধীনে উপজেলার ১৫টি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮৫৯ জন। পাস করেছেন ৭৩১ জন। পাসের হার ৩৯ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
জেনারেল বোর্ডে উপজেলায় সর্বোচ্চ পাসের হার শহীদ নাদের আলী হাইস্কুল এন্ড কলেজে। ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জন পাস করেছেন। পাসের হার ৬৭ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ পাসের হার বানেশ্বর সরকারি কলেজে। ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন পাস করেছেন। পাসের হার ৫৬ দশমিক ৯৮ শতাংশ। উপজেলায় সর্বোচ্চ ৫ জন জিপিএ-৫ পেয়েছেন এ কলেজ থেকেই। তৃতীয় স্থানে থাকা জামিরা কলেজে ৮০ জনের মধ্যে ৪৩ জন পাস করেছেন, পাসের হার ৫৩ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া পুঠিয়া ইসলামিয়া মহিলা কলেজে ১৩৬ জনে ৬৮ জন (৫০ শতাংশ), আইডিয়াল কলেজে ৭৯ জনে ২৮ জন (৩৫.৪৪ শতাংশ), পঙ্গুশিশু নিকেতন কলেজে ৬৯ জনে ২৪ জন (৩৪.৭৮ শতাংশ), ধোঁকরাকুল কলেজে ৬৩ জনে ২০ জন (৩১.৭৫ শতাংশ), পচামাড়িয়া কলেজে ২০৬ জনে ৫৭ জন (২৭.৬৭ শতাংশ), পুঠিয়া মহিলা কলেজে ৩৪ জনে ৯ জন (২৬.৪৭ শতাংশ), লস্করপুর ডিগ্রি কলেজে ৯৫ জনে ২৩ জন (২৪.২১ শতাংশ), বিড়ালদহ কলেজে ২৫৫ জনে ৬১ জন (২৩.৯২ শতাংশ), পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজে ২৬ জনে ৪ জন (১৫.৩৮ শতাংশ), ধোপাপাড়া মেমোরিয়াল কলেজে ১৮৮ জনে ২৭ জন (১৪.৩৬ শতাংশ) এবং সরদা হাইস্কুল এন্ড কলেজে ১০ জনে ১ জন (১০ শতাংশ) পাস করেছেন।
উপজেলায় জেনারেল বোর্ডে একমাত্র শূন্য পাস প্রতিষ্ঠান বেলপুকুর মহিলা কলেজ। ৫ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে ৫টি প্রতিষ্ঠানে মোট ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৩৬ দশমিক ৫৯ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
মাদ্রাসা বোর্ডে সেরা ফল উপজেলার ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসায়। ২১ জনের মধ্যে ১২ জন পাস করেছেন। বিড়ালদহ এসকে ফাজিল মাদ্রাসায় ৩২ জনে ৮ জন এবং জামিরা জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২১ জনে ১০ জন পাস করেছেন। দুটি মাদ্রাসায় শূন্য পাস। চকদমাদি আলিম মাদ্রাসার ১ জন এবং ধোকড়াকুল আলিম মাদ্রাসার ৭ জন পরীক্ষার্থীর কেউই পাস করেননি। উল্লেখ্য, এবার রাজশাহী বোর্ডে গড় পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। সে হিসাবে পুঠিয়া উপজেলার ফলাফল বোর্ডের গড়ের চেয়ে ৫ দশমিক ৮৫ শতাংশ কম।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:47 am | সুমন শেখ

আরও খবর