বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করত। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে তার বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে নিজ বাড়িতে আসে।

রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ঘরের ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রানা হামিদ /শাহজাদা


প্রকাশিত: October 13, 2026 | সময়: 9:49 pm | Daily Sunshine