সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে ব্রীজে লাইটপোস্ট না থাকায় আতঙ্কে পারাপার

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির নবনির্মিত বড়মানিক মাওড়ীতলা ব্রিজে লাইটপোস্ট না থাকায় রাতের বেলা পুরো ব্রিজটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যেই পারাপার হতে হচ্ছে সাধারণ পথচারীদের। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপিটি ইউএনও অফিস সহ পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলী বরাবরও দেওয়া হয়েছে।
২০২৩ সালে পুরাতন ব্রিজটি ভেঙে ঠিকাদারী প্রতিষ্ঠান আধুনিকমানের পুনর্র্নিমাণ ব্রীজটি ২০২৬ সালের প্রথম দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগের ভেঙে ফেলা ব্রিজে লাইটপোস্ট থাকলেও নতুন ব্রীজে পূর্ণস্থাপন করা হয়নি। রাতের আঁধারে ব্রিজটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকায় পথচারীদের আতঙ্কে ব্রীজ পারাপার হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে মাদকসেবীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং প্রায়শই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে রাতের বেলা নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে পথোচারিদের নিরাপত্তার কথা বিবেচনা করে বড়মানিক মাওড়ীতলা ব্রিজে দ্রুত লাইটপোস্ট স্থাপনে প্রশাসনের প্রতি জোর দাবি জানায় এলাকাবাসী।


প্রকাশিত: October 4, 2026 | সময়: 5:54 am | সুমন শেখ