সর্বশেষ সংবাদ :

৪৯তম বিসিএস’র গেজেট থেকে বাদ দেয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

রাবি প্রতিনিধি: ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।’
তিনি আরো বলেন, ‘ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।’
রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, ‘সরকারকে বলতে চাই, ক্ষমতায় এসে জনগণের ওপর স্বেচ্ছাচারিতা চালানোর চেষ্টা করবেন না। জনগণই ক্ষমতার মালিক; প্রয়োজনে তারাই আপনাদের ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিতে পারে।’
তিনি আরো বলেন, ‘ভাইভায় নম্বর কমানো, ভেরিফিকেশনের নামে প্রাথমিক বিদ্যালয় থেকে বিসিএস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণতা তৈরি এবং ভিন্নমতকে উপেক্ষার যে চেষ্টা চলছে, তা স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।’
এছাড়া মানববন্ধনে রাকসু’র বিভিন্ন নেতৃবৃন্দ ও হল সংসদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এদিকে বাদ পড়া প্রার্থীদের গেজেট আগামী সোমবার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


প্রকাশিত: October 2, 2026 | সময়: 6:22 am | সুমন শেখ