সর্বশেষ সংবাদ :

নিকাহ রেজিস্ট্রারদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: লাইসেন্সে উল্লেখিত কর্মএলাকা বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ থেকে ৭২ বছর করা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানো এবং বিবাহযোগ্য বয়স পুনর্র্নিধারণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার সকালে রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উদ্যোগে জেলার প্রায় অর্ধশত নিকাহ রেজিস্ট্রার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে কাজী খাইবর হোসেন ও কাজী নাজমুল ইসলামের নেতৃত্বে তারা জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত অধিক্ষেত্র বহাল রেখে শুধু শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া। পাশাপাশি ‘কাজীর সনদ’ ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং লাইসেন্স মঞ্জুরসংক্রান্ত উপদেষ্টা কমিটিতে একজন নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে। কোনো নিকাহ রেজিস্ট্রার পদত্যাগ করলে বা পদ শূন্য হলে তার যোগ্য সন্তানকে অস্থায়ী লাইসেন্স দেওয়া, অসদাচরণের অভিযোগে নিয়োগ বাতিলের ক্ষেত্রে আপিলের সুযোগ সৃষ্টি, অবসরের বয়সসীমা ৭২ বছর করা এবং আইনগত ছুটির বিধান চালুর দাবিও রয়েছে।
এছাড়া প্রতি হাজার টাকা দেনমোহরে নিবন্ধন ফি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, সর্বনিম্ন বিবাহ নিবন্ধন ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং তালাক নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার দাবি করা হয়েছে। একই সঙ্গে কমিশন ফি, ভ্রমণ, তল্লাশি, নকল এবং নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি পুনর্র্নিধারণের দাবিও জানানো হয়েছে। এ ছাড়া একাধিক সমিতি গঠনজনিত জটিলতা নিরসন, বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু এবং প্রতিটি কাজী অফিসে অফিস সহকারী বা দপ্তরী রাখার দাবিও করা হয়েছে। নিকাহ রেজিস্ট্রাররা আইন ও বিধির আলোকেই বর-কনের বয়স পুনর্র্নিধারণের দাবি জানিয়েছেন। স্মারকলিপি দেওয়ার সময় জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 29, 2026 | সময়: 7:34 am | সুমন শেখ

আরও খবর