সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর প্রচার-প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের টাউন ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ সভার আয়োজন করে সোনালি ব্যাংক পিএলসি ও ডাচ বাংলা ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ৩ হাজার কোটি টাকার ‘কৃষিভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন স্কিমে’র আওতায় প্রান্তিক চাষী ও উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ত্বরান্বিত করতে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামাল দিদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোর্শেদ ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক একেএম গোলাম মাহমুদ, সোনালী ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার শওকত জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় বক্তারা জানান, ১০ হাজার কোটি টাকার স্কিমটির মাধ্যমে মূলত ধান, শাকসবজি, ফলমূল চাষ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে রেয়াতি সুদে ঋণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, ৩ হাজার কোটি টাকার স্কিমের মাধ্যমে উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকার কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে।
টাউন হল সভায় উপস্থিত কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি ব্যাংক কর্মকর্তাদের কাছে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া ও সহজ শর্তাবলী সম্পর্কে জানতে চান। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা স্পটেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে এই ঋণ গ্রহণের আহ্বান জানান।
এসময় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক ম্যানেজার মুহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার শাহজাদুল ইসলাম মন্ডল, সোনালী ব্যাংক নিউ মার্কেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ম্যানেজার আশরাফ আলী সহ জেলার বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, কৃষক, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা।


প্রকাশিত: September 29, 2026 | সময়: 7:32 am | সুমন শেখ