, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে লিফট, ‘ডিজেবল কর্নার’ ও পৃথক শৌচাগারসহ বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চলমান সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। জানা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬২ বছর পার হলেও এতদিন সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের কোন ব্যাবস্থা ছিলো না। পাঠাগারে তাদের পড়ার জন্য ছিলো না আলাদা কোন বসার ব্যাবস্থাও। এছাড়াও গ্রন্থাগারে আসা শিক্ষার্থীদের বাইসাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না। চলতি বছরে শুরু হয় গ্রন্থাগারের সামগ্রিক সংস্কারকাজ। পরে এসব সংকট নিরসনে লিফট, বিশেষ শৌচাগার ও সুনির্দিষ্ট গ্যারেজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘লিফট না থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আর্থিক সহযোগিতায় দ্রুতই এখানে একটি লিফট স্থাপন করা হবে, যা তাদের গ্রন্থাগারে যাতায়াত নিশ্চিত করবে।’ উপাচার্য আরও জানান, গ্রন্থাগারের একটি কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি ‘ডিজেবল কর্নার’ গড়ে তোলা হবে। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য তৈরি করা হবে দুটি পৃথক বিশেষ শৌচাগার। এছাড়া বহিরাঙ্গনে শিক্ষার্থীদের যানবাহন সুশৃঙ্খলভাবে রাখার জন্য গ্যারেজের জন্য আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতা দত্ত বলেন, ‘আগে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আমাদের চরম কষ্ট পোহাতে হতো। লিফট স্থাপন করা হলে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি ‘ডিজেবল কর্নার’ চালু হলে আমরা সাবলীলভাবে পড়াশোনা করতে পারব। প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’