, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৬ জন।
মৃত নারীর নাম মোসা. নাসরিন (৩০)। তিনি রাজশাহী নগরের সুলতানাবাদ এলাকার বাসিন্দা এবং চাকরিজীবী ছিলেন। নাসরিন গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, নাসরিনের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর বিপরীতে ৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।