, , ।
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ৪-আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন ন্যাম ভবন থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
শেরেবাংলা নগর থানা ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে রাইজিংবিডি ডটকমকে বলেছেন, ন্যাম ভবনে এক নারীর মরদেহের সংবাদ পেয়ে সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানিয়েছেন, ৭টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।
গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। এ ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী বহিষ্কার করে নির্বাচন কমিশনকে এ বিষয়ে চিঠি দেয় দলটি।