, , ।
নুরুজ্জামান,বাঘা :
স্কুল চলাকালে ও ছুটির সময় ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) ঠেকাতে সড়কে অতিরিক্ত পুলিশ টহল রাখার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। কোনো বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি এ নির্দেশনা দেন। এ অনুস্থানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এর। তিনি হটাৎ অসুস্থ হওয়ার কারনে মঞ্চে উপস্থিত হতে পারেননি।
সভায় পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার আগে সাধারণ মানুষের কথা শোনার জন্য মাইক্রোফোন উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় দুই স্কুলছাত্রী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে হতাশা প্রকাশ করেন ডিআইজি।
পরে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হককে নির্দেশ দিয়ে বলেন, মাধ্যমিক বিদ্যালয় চলাকালে সড়কে অতিরিক্ত পুলিশ টহল দিতে হবে। কোনো বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করলে দেরি না করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
ডিআইজি আশিক সাঈদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়। এ জন্য সংশ্লিষ্ট সকল বাহিনীকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। অপরাধ দমনে জনগণকেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা মাদক পাচার, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন-সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বক্তব্য শুনে ডিআইজি বলেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ত্রিপল নাইন-এ ফোন করবেন।
এদিকে পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ বালু উত্তোলনের প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, ওই এলাকায় ‘কাকন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কথা পুলিশ জানতে পেরেছে। অবৈধভাবে বালুমহাল পরিচালনার অভিযোগে ওই গোষ্ঠীর একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কাকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি খুব শীর্ঘই উপজেলার চরাঞ্চলে অবস্থিত পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা হবে বলে জানান এবং জনগনের চাওয়ার প্রেক্ষিতে বাঘার আড়ানী পৌর এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানেও একটি পুলিশ ক্যাম্প স্থাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাজশাহী বেতারের উপস্থাপিকা রোকসানা আক্তার লাকির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঘা থানার ওসি সিরাজুল হক। তবে প্রধান অতিথির শুন্যস্থানে আসন গ্রহন করেন বাঘা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী মলিন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা আক্তার, বাঘা-চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ মাহমুদ-সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সভায় বিএনপি ও জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এলাকার সাধারণ জনসাধারণ ও বাঘা সদরে অবস্থিত রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সানশাইন /শাহজাদা